Ebong-ekdin-hothath

এবং একদিন হঠাৎ

বীজগাণিতিক রাশিমালাকে সরলরূপে প্রকাশ করে তার মান নির্ণয়কে সরলীকরণ বলে। স্কুলের পরীক্ষার খাতায় সরল অংক করতে হয়েছে কমবেশি আমাদের সবাইকেই। অনেকেরই হয়তো মনে আছে, একটা দীর্ঘ লাইনের রাশিমালাকে ধাপে ধাপে কিভাবে সমাধানে টেনে আনা হয়। সফলভাবে নির্দিষ্ট মান নির্ণয় করতে পারলেই সরল অংক মিলে যাবার আনন্দ। ফরহাদ হোসেনের উপন্যাসিকা সংকলন “. . . এবং একদিন হঠাৎ” পড়তে গিয়ে সেই অংক স্যারের জালিবেতের সামনে বসে সরল অংক কষার দিনগুলোর কথাই মনে হয়েছে আমার।

প্রথম উপন্যাসিকা অপলার অভিমান। অভিবাসী জীবনের সংগ্রামে জড়িয়ে পড়া একজন হাসান। জীবন ও জীবিকার লড়াইয়ে একসময় একটা যন্ত্রে পরিণত হয় সে। একটা নিশ্চিত আগামীর সন্ধানে ক্রমেই ব্যস্ততার গহ্বরে বিলীন হতে থাকে। বর্তমানকে ছাপিয়ে তার সামনে প্রকট হয়ে দাঁড়ায় আগামীর চিন্তা। কিন্তু স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে একসময় দিকভ্রান্ত পথিকের মতো বর্তমানকেই হারিয়ে ফেলে হাসান আর অপলার জীবন। আজকের দিনটাকে উপভোগের এই বোধহয় যখন হয় ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। তবু হাল ছাড়ে না হাসান। গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে বরং একটা সুন্দর আগামীর প্রত্যাশায় ভালোবাসার নৈবদ্য সাজিয়ে অসীম ধৈর্য নিয়ে সে অপেক্ষা করতে থাকে। এজন্য তাকে মূল্য দিতে হয় অনেক। কিন্তু পরিশেষে সম্ভবত: এই ভালোবাসা আর ধৈর্যের শক্তিতেই হয়তো সে তার প্রত্যাশিত দিনের সন্ধান পায়। কিন্তু কিভাবে, তা জানতে হলে পড়তে হবে, অপলার অভিমান। গল্পের পরতে পরতে উঠে এসেছে অভিবাসী নারী ও পুরুষের জীবনের জটিলতার নানা দিক। একই সাথে, অনাত্মীয় হয়েও অভিবাসীদের মধ্যে গড়ে ওঠা পরম আত্মিক সম্পর্ক, পরস্পরের জন্য তাদের গভীর মর্মবোধ ও ত্যাগের গল্প। অপলার অভিমান বলে দিয়ে যায়, নিজের অধিকারটা নিজেকেই আদায় করে নিতে হয়। কখনো চাইতে হয়।

দ্বিতীয় উপন্যাসিকা একদিন হঠাৎ। এক অভিবাসী তরুণীর কম বয়সী আবেগে ভুল নৌকায় সওয়ার হওয়া থেকে সে যাত্রার সমুদ্র ঝড়ে তছনছ হয়ে যাওয়া জীবনকে নতুন তটের সন্ধান দিয়েছেন লেখক। প্রেম দ্বিধা বিশ্বাস আর অবিশ্বাসে বারবার দুলে উঠেছে গল্পের নৌকা। লেখকের অনবদ্য বর্ণনায় রাচনা, অর্ণব আর তানিশার হাত ধরে উত্তর আমেরিকার পথে পথে যেন হেঁটে চলেছে পাঠক। এরই মধ্যে দিয়ে উঠে এসেছে অভিবাসী জীবনের নানা জটিল ও কুটিল দিক। এসেছে তরুণ অভিবাসীর জীবনের সংগ্রাম আর দেশে ফেলে যাওয়া মায়ার বাঁধনগুলি। ভুল, শুধরানো আর সম্পর্কের দ্বন্দ্বের শেষে এসে জয়ী হয়েছে ভালোবাসা।

প্রসঙ্গ কথায় লেখক বলেছেন গল্পগুলি জীবন থেকে নেয়া। দীর্ঘ প্রবাসে সেখানকার অভিবাসীদের যাপিত জীবনকে কাছে থেকে প্রত্যক্ষ করেছেন লেখক, আর সেই সব জীবনের জটিল সমীকরণকে সরল অংকের মতোই এক আশ্চর্য সুন্দর সমাপ্তিতে নিয়ে এসে মিলিয়েছেন। এ যেন বীজগাণিতিক জটিল রাশিমালাকে সরলীকরণের মতোই।

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে পেন্সিল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে “. . . এবং একদিন হঠাৎ”। সংকলনের প্রথম উপন্যাসিকাটি একজনকে এবং দ্বিতীয়টি তিনজনকে উৎসর্গ করা হয়েছে। উৎসর্গের এই ধারণাটি অন্যরকম। তৌহিদ হাসানের অনবদ্য প্রচ্ছদের ১১২ পৃষ্ঠার বইটির দাম ২৬০ টাকা।

লিখেছেন: আসাদুল লতিফ

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *